ঘোষণা ছাড়াই বন্ধ ছিলো ওয়াটার বাস সার্ভিস, বকেয়া পরিশোধের পর চালুর অনুমতি রাজউকের

ঘোষণা ছাড়াই বন্ধ ছিলো ওয়াটার বাস সার্ভিস, বকেয়া পরিশোধের পর চালুর অনুমতি রাজউকের

সড়কে যানজটের ভোগান্তি এড়িয়ে রাজধানীর হাতিরঝিলের ওয়াটার বাসে চলাচলে অভ্যস্ত অনেকেই। ঝিলের এফডিসি, গুলশান ও রামপুরা ঘাটে প্রতিদিন চলাচল করা এ নৌযানগুলো গত শুক্রবার থেকে বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা। কোনোরকম ঘোষণা ছাড়াই হঠাৎ সেগুলো বন্ধ রাখার কারণে এ ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। যদিও চারদিন পর বকেয়া বিল পরিশোধ করায় লিজ নেয়া কোম্পানিকে আজ বিকেল সাড়ে চারটা থেকে ফের ওয়াটার বাস সার্ভিস চালু করার অনুমতি দেয় রাজউক।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিলের ওয়াটার বাস সার্ভিসের লিজ নেয়া করিম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম জামান।

সরেজমিনে হাতিরঝিলের এফডিসি ঘাটে গিয়ে দেখা যায়, বিকেল চারটা থেকে যাত্রী পারাপার শুরু করেছে করিম গ্রুপের ওয়াটার বাসগুলো। এ সময় গত শুক্রবার (৪ জুলাই) হুট করে সার্ভিস বন্ধ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক যাত্রী।

এ নিয়ে হাতিরঝিলের বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গেও কথা বলেছেন এইদিন এইসময়ের প্রতিবেদক। তাদের ভাষ্য, যদি প্রায়শই এরকম চলতে থাকে তবে তারা ব্যবসা গুটিয়ে চলে যাবেন। আর ওয়াটার বাস এবং চক্রাকার বাসযাত্রীরা বলছেন, এভাবে হুটহাট সার্ভিস বন্ধ হয়ে গেলে দিন দিন দর্শনার্থীও কমে যাবে।

ব্যবসায়ীরা বলছেন, হাতিরঝিলকে ঘিরে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান টিকে আছে একটি ইকো সিস্টেমে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে যদি এভাবে ওয়াটার বাস সার্ভিস বন্ধ হয়ে যায় তবে নানাবিধ সমস্যায় পড়বেন হাতিরঝিলের দর্শনার্থী ও আশেপাশের এলাকার যাত্রীরা।

নিয়মিত ওয়াটার বাসযাত্রী হামিদুর রহমান বলেন, গুলশান থেকে কারওয়ানবাজার প্রতিদিন আসা যাওয়া করি ওয়াটার বাসে করে। এর কারণ হলো কোনো যানজট নেই, ধুলোবালিও নেই।

তিনি বলেন, হাতিরঝিলে পূর্ব ঘোষণা ছাড়া এভাবে ওয়াটার বাস বন্ধ হয়ে গেলে আমি মনে করি সড়কের ওপর চাপ পড়বে এবং যানজট বাড়বে। এছাড়া এলাকায় ধুলোবালিও বাড়বে আবার লেকের পানিও দূষিত হবে।

রফিক মোল্লা নামে আরেক যাত্রী বলেন, আমি প্রায় সময় অফিস বন্ধ থাকলে পরিবার নিয়ে ঘুরতে আসি। ওয়াটার বাসে চড়ে আনন্দ উপভোগ করি। এটি বন্ধ থাকায় সুযোগ থাকা সত্ত্বেও পরিবার নিয়ে এবার ঘুরতে আসতে পারিনি।

ফুড ট্রিপ রেস্টুরেন্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত শুক্রবার থেকেই ওয়াটার বাস সার্ভিস বন্ধ থাকায় হাজারো মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। পুরো হাতিরঝিলজুড়ে তীব্র যানজটের সৃষ্টিও হয়েছে এর কারণে। হাতিরঝিলের আশেপাশের এলাকার মানুষ এই ওয়াটার বাস সার্ভিসের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছেন। অফিসগামী মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন।

তিনি আরো বলেন, হাতিরঝিলকে কেন্দ্র করে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেসব প্রতিষ্ঠানও দর্শনার্থী কমে যাওয়ায় বিপাকে পড়েছে। অনেক প্রতিষ্ঠানের লোকসান হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এফডিসি জেটি ঘাটের এক কর্মচারী জানান, তিনি এখানে কর্মরত। তাদের কোম্পানি অনেকগুলো ওয়াটার বাস চালাচ্ছে হাতিরঝিলে। তাদের অনেক কর্মচারী শঙ্কায় পড়ে গিয়েছিলেন। ঘাট বন্ধ হয়ে যাওয়ায় তারা তাদের চাকরি নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে রাজউকের পাওনা বকেয়া বিল পরিশোধ করার পর ফের জেটিঘাট চালু হওয়ায় সবাই খুশি।

ওয়াটার সার্ভিস বন্ধ থাকার কারণ জানতে চাইলে করিম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম জামান বলেন, রাজউকের নির্দেশে আমরা সার্ভিস বন্ধ রেখেছিলাম। আমাদের কাছে রাজউক পূর্বের বিল পেতো। আজ বিল পরিশোধ করার পর বিকেল থেকে ওয়াটার সার্ভিস ফের চালু করার অনুমতি পেয়েছি। সাময়িক এই জনদুর্ভোগের জন্য আমরা দুঃখিত। এখন পুরো দমে আমাদের ওয়াটার বাসগুলো যাত্রী পারাপার করছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *