যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া

যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্ত সংঘাতের অবসানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দুই দেশের নেতাদের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।

আনোয়ার ইব্রাহিম বলেছেন, নিজেদের সীমান্ত সংঘাত বন্ধে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা শর্তহীন যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছেন। এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তিনি আরও বলেন, ‘এটি উত্তেজনা হ্রাস এবং শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের সাথে তাদের নিজ নিজ বাণিজ্য আলোচনার পূর্বশর্ত হিসেবে উভয় দেশকে যুদ্ধবিরতিতে সম্মত হতে বলার পর এই আলোচনা অনুষ্ঠিত হয়।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আঞ্চলিক ব্লক আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে নেতারা আলোচনায় বসেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আয়োজনে দুই যুদ্ধরত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের মধ্যে আলোচনার লক্ষ্য হলো থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘাতের নিরসন। গত পাঁচদিনের সংঘাতে উভয় দিক থেকে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ২,৭০,০০০ এরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন।

রয়টার্স সংবাদ সংস্থার এক প্রতিবেদন অনুসারে, জানা গেছে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *