বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি বাংলাদেশ : মুশফিক

বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি বাংলাদেশ : মুশফিক

ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল দেখতে গতকাল গিয়েছিলেন তামিম ইকবাল। বিসিবির শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে থাকায় মুশফিক গতকাল সেখানে যেতে পারেননি। তবে আজ বুধবার হাজির হয়েছিলেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার।

আজ প্রায় আড়াই ঘণ্টা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন মুশফিক। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধির পক্ষে কথা বলেন মুশফিক, ‘এটা তো অবশ্যই ভালো লাগে। যেটা আমি বললাম যে এর আগেও আমি তাদের সাথে সম্পৃক্ত ছিলাম। তো অনেকদিন পর আবার তাদের কাছে আসতে পারলাম।’

‘একদিক দিয়ে অনেক কষ্টও লাগে কারণ যেটা আমি এর একটু আগেও বললাম যে তাদের ফ্যামিলির লড়াইটা অন্যরকম। তো এটাকে আমরা যতটুকু সাধারণ হিসেবে দেখতে পারি এবং তাদেরকে সবসময় মানসিকভাবে ওই সাপোর্টটা দিতে পারি যে তারাও আমাদের মত একজন মানুষ এবং তারা চাইলেই আমাদের চাইতে আরও দ্বিগুণ ভালো কাজ করতে পারে।’

এদিকে বুধবার শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে বিসিবির সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছিল এ বিষয়ে সরাসরি কিছু বলেননি মুশফিক। তিনি বলেন, ‘বাস্তবায়ন যত দিন না হবে, এসব বৈঠক ফলপ্রসূ হবে না। আমরা তো ক্যারিয়ারের প্রায় শেষ দিকে, আশা করব, পরের প্রজন্মের জন্য এ রকম পরিবেশ যেন দিতে পারি, যাতে তারা নিয়মিত সব জায়গায় গিয়ে খেলতে পারে। ও রকম মাঠ যেন করে দিয়ে যেতে পারি, অনুশীলনের সুযোগ-সুবিধা দিতে পারি।’

পরে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের বিচারে খুব একটা এগোয়নি দাবি করে মুশফিক বলেন, ‘বিশ্ব ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। এদিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি, তাহলে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *