ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত গাড়ি থামিয়ে চালককে কুপিয়ে হত্যা

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত গাড়ি থামিয়ে চালককে কুপিয়ে হত্যা

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে চলন্ত ট্রাক থামিয়ে চালক শামীমকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৫ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারগামী লেনে সিমেন্টবাহী একটি ট্রাকে এ ঘটনা ঘটে।

নিহত শামীম শাহ সিমেন্টের ট্রাক চালক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে শামীম মুন্সিগঞ্জ থেকে সিমেন্ট ভর্তি গাড়ি নিয়ে সাভারের দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি বিশমাইলে ইউটার্ন নিয়ে সাভারমুখী লেনে ঢুকলে ট্রাক থামিয়ে দুর্বৃত্তরা চালক শামীমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় পথচারীরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়।

শাহ সিমেন্টের পরিদর্শক মোহাম্মদ হানিফ শিকদার বলেন, তিনশ বস্তা সিমেন্ট নিয়ে শামীম সাভারে আসছিল। এ সময় ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। তবে সিমেন্ট বা কিছু ছিনতাই হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শামীম নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করে। মূলত ওই যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। মূলত কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে কোনো হেলপার ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *