হাইমচরে বাংলাবাজার ও গাজির বাজারে দাঁড়িপাল্লার গণসংযোগ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া হাইমচরের বাংলাবাজার ও গাজির বাজারে গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে বাংলাবাজার এবং সন্ধ্যায় গাজির বাজার এলাকায় তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগে অংশ নেন। এসময় তিনি দোকানপাট, হাটবাজার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, সব দেখেছেন বারবার, দাঁড়িপাল্লা এইবার। আল-কুরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।
তিনি আরও বলেন, জনগণ দীর্ঘদিন বিভিন্ন দলকে সুযোগ দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। দেশের শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। তাই জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারি মো. জসিম উদ্দিন, উত্তর আলগী ইউনিয়নের আমির আলহাজ্ব মো. ওমর ফারুক, সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতি সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন।
