রিপাবলিকান পার্টির শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের পাশে রাজনীতির মানবিক উদ্যোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নে তীব্র শীতের কষ্টে বিপর্যস্ত ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি। শনিবার সকালে ইউনিয়নের বিভিন্ন স্থানে শতাধিক পরিবারে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে সংগঠনটি। এতে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফোটে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সভাপতি) ইঞ্জিনিয়ার মো. সোহোল রানা। তিনি বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়; মানুষের কষ্টে পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব। শীতে কেউ কষ্টে থাকবে, এটি আমরা মেনে নিতে পারি না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জলিলুর রহমান জনি। তিনি বলেন, “আমরা চাই, জেলার কোনো মানুষ যেন শীতের কারণে দুর্ভোগে না পড়ে। মানবিক কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”
বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ৭ নং বহুলি ইউনিয়নের মেম্বার মো. আলম তালুকদার এবং ৩ নং বহুলি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন। তারা বলেন, স্থানীয় মানুষের দুর্দশা লাঘবে রাজনৈতিক নেতৃত্বের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।
শীতবস্ত্র পেয়ে দুস্থ পরিবারগুলোর অনেকেই স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, রাতে প্রচণ্ড ঠান্ডায় স্বাভাবিকভাবে ঘুমানোই কঠিন হয়ে পড়েছিল। কম্বল পাওয়ায় তাদের কষ্ট কিছুটা হলেও কমবে।
স্থানীয়রা বলেন, শীতের মৌসুমে এমন মানবিক উদ্যোগ আরও বাড়ানো দরকার। রাজনীতির মাঠে ভিন্নমত থাকলেও মানবিক সেবার ক্ষেত্রে সবাই একসঙ্গে কাজ করলে সমাজ আরও উষ্ণ, নিরাপদ ও বাসযোগ্য হবে।
সিরাজগঞ্জে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সামাজিক সংহতি ও মানবিকতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
