নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় হামলার অভিযোগ, আহত ৩০

নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় হামলার অভিযোগ, আহত ৩০

নরসিংদী-২ (পলাশ) সংসদীয় আসনের সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভা শেষে সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ রাত সাড়ে ৮টায় নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও জামায়াতের মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন।

সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন দাবি করেন, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সভায় বাধা সৃষ্টি করছিলেন। এমনকি তার বক্তব্য চলাকালীন স্টেজের পেছনে গিয়ে গালাগালও করেন তারা। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে গেলেও সভা শেষে ফেরার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। হামলার ঘটনায় জড়িতদের মধ্যে আছেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন।

যারা ন্যক্কারজনক হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি ও দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন। এদিকে হামলার প্রতিবাদে রাত ৯টায় পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *