ইসলামী রাষ্ট্রে পর্দা জোর করে চাপিয়ে দেওয়ার আইন জরুরি নয়: ড. মির্জা গালিব

ইসলামী রাষ্ট্রে পর্দা জোর করে চাপিয়ে দেওয়ার আইন জরুরি নয়: ড. মির্জা গালিব

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব বলেছেন, ইসলামে পর্দা ফরজ হলেও তা জোর করে বাস্তবায়নের জন্য ইসলামী রাষ্ট্রে আলাদা কোনো আইন থাকা জরুরি নয়। তবে সমাজে নগ্নতা ও অশ্লীলতা রোধে রাষ্ট্রীয় আইন থাকা উচিত।

রোববার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে ড. মির্জা গালিব ইসলামে পোশাক ও পর্দার বিধান এবং রাষ্ট্রীয় আইনের ভূমিকা নিয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, ইসলাম নারী ও পুরুষ উভয়ের জন্যই গায়রে মাহরামের সামনে পোশাকের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করেছে। এই সীমারেখা মানা ফরজ; তা লঙ্ঘন করলে ধর্মীয় দৃষ্টিতে গুনাহ হবে এবং ব্যক্তিকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

তবে তিনি প্রশ্ন তোলেন, এই ফরজ বিধান না মানার কারণে ইসলামী আইনে কি ফৌজদারি শাস্তির বিধান রয়েছে? ড. গালিবের ভাষ্য অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) বা খুলাফায়ে রাশেদার সময়কালে পোশাকের সীমারেখা লঙ্ঘনের জন্য কাউকে শাস্তি দেওয়ার কোনো দৃষ্টান্ত হাদিস বা সীরাতে পাওয়া যায় না। ইসলামী শরিয়তের যেসব শাস্তিকে ‘হুদুদ’ বলা হয়, তার মধ্যেও পোশাকবিধি লঙ্ঘনের বিষয়টি অন্তর্ভুক্ত নয়।

ড. মির্জা গালিব বলেন, এ কারণে ইসলামী শরিয়তের অংশ হিসেবে সবাইকে ফরজ পর্দা পালনে বাধ্য করতে পুলিশি ব্যবস্থা বা ফৌজদারি আইন থাকা জরুরি নয়।

তবে তিনি জোর দিয়ে বলেন, সমাজে নগ্নতা, অশ্লীলতা ও বেহায়াপনা রোধ করা রাষ্ট্রের দায়িত্ব। এটি ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’-এর অংশ হিসেবেই বিবেচিত হবে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কোনো সমাজেই পোশাকের বিষয়ে সীমাহীন স্বাধীনতা নেই। পাশ্চাত্য সমাজেও প্রকাশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে চলাচল আইনত নিষিদ্ধ। ইসলামী রাষ্ট্রেও পাবলিক প্লেসে কী ধরনের পোশাক অনুপযুক্ত—সে বিষয়ে নীতিমালা থাকতে পারে। তবে সেই নীতিমালার উদ্দেশ্য হবে সামাজিক শালীনতা রক্ষা ও ফিতনা নিয়ন্ত্রণ, ব্যক্তিগতভাবে পর্দার ফরজ বিধান জোর করে চাপিয়ে দেওয়া নয়।

ড. গালিবের মতে, পর্দা পালন না করলে তার জবাবদিহি পরকালে ব্যক্তিকেই করতে হবে। রাষ্ট্রের ভূমিকা থাকবে শুধু প্রকাশ্য স্থানে নগ্নতা ও অশ্লীলতা রোধে সীমিত।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *