ঈদযাত্রা: অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শেষ কাল, একদিনেই আড়াই কোটি ক্লিক
পবিত্র ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি শেষ হবে আগামীকাল ৯ মার্চ। এর আগে ৩ মার্চ থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বিক্রি করা হয়েছে ১৭ মার্চ যাত্রার টিকিট। এদিনে ট্রেনের টিকিট পেতে বিক্রির ওয়েবসাইট ও অ্যাপ-এ আড়াই কোটি বারের বেশি ক্লিক করেছেন যাত্রীরা।
রেলওয়ের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘সহজ’ সূত্রে জানা গেছে, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র আধা ঘণ্টায় টিকিট বিক্রির ওয়েবসাইট ও অ্যাপে টিকিট প্রত্যাশীরা ক্লিক করেছেন ১ কোটি ৩০ লাখ বার। বেলা ২টায় শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। পূর্বাঞ্চলের টিকিটের জন্য মাত্র আধা ঘণ্টায় ওয়েবসাইট ও অ্যাপে ক্লিক করেছেন ১ কোটি ৫ লাখ মানুষ। ১৭ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কারণে গতকালের (১৭ মার্চ যাত্রার) ট্রেনের টিকিটের জন্য চাপ ছিল সব থেকে বেশি।
আজ ১৮ মার্চের টিকিট ও আগামীকাল ১৯ মার্চের টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত। ২৩ মার্চের টিকিট ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।
এদিকে ২ মার্চ থেকে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের এসি ও স্লিপার এবং ৩ মার্চ থেকে নন-এসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও বাস কাউন্টারগুলোতে চিরচেনা ভিড়ের দেখা মেলেনি।
রাজধানীর সায়দাবাদে দেশের বিভিন্ন অঞ্চলের বাসের কাউন্টার গুলোতে ঘুরে দেখা যায়, বরিশাল অঞ্চলের কোন অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে না। এছাড়া চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট ও খুলনা অঞ্চলের কিছু কিছু টিকেট বিক্রি হচ্ছে। বাড়তি ভাড়ার বিষয়ে প্রশ্ন করলে কাউন্টার কর্মকর্তারা জানান বিআরটি থেকে নির্ধারিত ভাড়াতেই টিকেট বিক্রি হচ্ছে।
এদিকে কিছু কাউন্টার কর্মকর্তা বলেন, ঈদে কোন অগ্রিম টিকেট বিক্রি করছেন না তারা । তেল সংকটের কারণে ঈদে ঠিক মতো গাড়ি চালানো নিয়েও তারা শংকা প্রকাশ করেন
