পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস

পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস

সিনিয়র রিপোর্টার

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা দূর করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, হয়রানি ও চাঁদামুক্ত করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, দেশের জনগণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং যথাযথ সেবা পায়, সে জন্য পরিবহন সেক্টরসহ সব পর্যায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা জরুরি। দীর্ঘদিন ধরে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি, অনিয়ম এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের মতো সমস্যা চলমান রয়েছে। এর ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।

তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সব ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করতে হবে।

শ্রমিক দলের এই নেতা আরও বলেন, শুধু পরিবহন খাত নয়, প্রশাসনিক ও বিভিন্ন সেবামূলক ক্ষেত্রেও শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের স্বস্তির জন্য একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে শিমুল বিশ্বাস বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবা ব্যবস্থা আরও কার্যকর হবে।

তিনি জানান, বাস টার্মিনালে মলম পার্টি ও ছিনতাই প্রতিরোধ, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে সার্বক্ষণিক ভিজিল্যান্স টিম কাজ করছে।

গাবতলী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ডিএমপি কমিশনার সারওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও রমেশ চন্দ্র ঘোষ।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *