১৬০ মুরগি লুটের অভিযোগ, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১৬০ মুরগি লুটের অভিযোগ, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রদল।

অভিযুক্ত শাকিল মিয়া স্থানীয় গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।

থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত প্রায় ১০টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ–আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগিবাহী একটি গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, শাকিল মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়ির গতিরোধ করে জোরপূর্বক প্রায় ১৬০টি মুরগি নিয়ে যায়। এ সময় গাড়ির চালক ও তার সহকারীর কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

খবর পেয়ে প্রতিষ্ঠানের সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়।

হবিগঞ্জ এগ্রো লিমিটেডের ম্যানেজার মাসুদ আহমেদ জানান, প্রতিদিনের মতো ওই রাতে প্রতিষ্ঠানের মুরগিবাহী গাড়িটি বের হওয়ার পর ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে একদল যুবক গাড়িটি আটকে দেয়। পরে তারা জোরপূর্বক গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি নামিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শাকিল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *