সম্পদশালী কেউ যেন চরের জমি না পায়: নুরুল হক নুর

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায়: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, চরের জমি বণ্টনের ক্ষেত্রে প্রকৃত ভূমিহীনদের অগ্রাধিকার দিতে হবে। যাদের জমি-সম্পদ রয়েছে বা যারা সম্পদশালী ব্যবসায়ী, তারা যেন কোনোভাবেই চরের জমি না পায়।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় গলাচিপা খাল ও এর শাখা খালগুলোর পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চরে যার বৈধ দলিল আছে সে তার জমি ভোগ করবে। আর যেসব জমি ইউএনও বা জেলা প্রশাসকের মাধ্যমে লিজ দেওয়া হয়, সেগুলো প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টন করতে হবে। কোনো প্রভাবশালী বা সম্পদশালী ব্যক্তি যেন এসব জমির সুবিধা নিতে না পারে।

জেলেদের মাছ ধরার ক্ষেত্রে ইজারা প্রথা বন্ধের কথাও উল্লেখ করেন তিনি। নুরুল হক নুর বলেন, অনেক সময় জেলেদের মাছ ধরতে গেলে ইজারা দিতে হয়। এখন থেকে এ ধরনের ক্ষেত্রে যেন ইজারা দিতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। জাল যার, জল তার—যাদের জাল আছে তারাই মাছ ধরবে।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এসব সুবিধা বণ্টনের ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা করা যাবে না। ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।

এ সময় বিএনপি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত ভূমিহীনদের একটি তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুযায়ী চরের জমি বণ্টন করা হবে এবং প্রভাবশালীরা যেন জমির সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গলাচিপা-দশমিনার ইতিহাসে একটি স্মরণীয় নির্বাচন। এমপি নির্বাচিত হওয়ার পর থেকে গলাচিপায় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। শুধু এখানেই নয়, এবার দেশের কোথাও নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত বা সহিংসতা হয়নি।

এর আগে দুপুর ১২টার দিকে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে গলাচিপা খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *