লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন মজুমদার পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তাঁর পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তিনি লেখেন, ‘ডিয়ার অল, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই।’

তবে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর পদত্যাগ কবে থেকে কার্যকর হবে কিংবা তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন—সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

ফোনে যোগাযোগ করা হলে আকবর হোসেন বলেন, তাঁর মা গুরুতর অসুস্থ। এই পরিস্থিতিতে পরিবারের পাশে থাকা তাঁর জন্য অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্রেও এই কারণ উল্লেখ করেছেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার তাঁকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। এর আগে তিনি বিবিসি বাংলার ঢাকা অফিসে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *