টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার, বিপাকে ক্রেতারা

টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার, বিপাকে ক্রেতারা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম বেড়ে কেজিতে ৬০ থেকে ৮০ টাকায় দাঁড়িয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তা ১০০ টাকার সীমাও ছাড়িয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা এবং বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোলের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা। টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ও ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা মরিচের দাম কেজিতে উঠেছে প্রায় ১২০ টাকা। করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (৪টি) কিনতে গুনতে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।

সবজির পাশাপাশি মুরগির বাজারেও অস্বস্তি বিরাজ করছে। ব্রয়লার মুরগি কেজিতে ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির কারণে কষ্ট করে বাজারে এসে বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে। এতে স্থির আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সবজির সরবরাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি কিছু সবজির মৌসুম না থাকায় দাম আরও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন তারা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *