৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ প্রাণহানি

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ প্রাণহানি

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনেই ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) ভোর থেকে সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লা জেলায়।

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৮ জন নিহত হয়েছেন। ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক ছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন, সুরুজ আলী (৬০), মোছা. মুন্নি, মো. ফরিদুল (৩৫) ও মো. বদরুল (৩০)। বাকি চারজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- জিসান (৩৫) ও সোহান (১৫)। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সকালে পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর শিশুটির বাবা মরদেহ বাড়িতে নিয়ে যান।

একই দিনে দেশের তিন জেলায় এমন প্রাণহানির ঘটনায় উদ্বেগ বাড়ছে সড়ক নিরাপত্তা নিয়ে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *