বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রিজভী

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রিজভী

বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বারবার সীমান্তে বাংলাদেশিদের রক্ত ঝরিয়ে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।

রবিবার (১০ মে) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর ৪৫তম জাতীয় কাউন্সিল-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারতের নির্বাচন তাদের নিজস্ব বিষয়। কিন্তু বারবার বাংলাদেশিদের সীমান্তে গুলি করার ঘটনা উদ্বেগজনক। তিনি প্রশ্ন রেখে বলেন, সীমান্তে রক্তপাত কবে বন্ধ হবে? সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাংলাদেশিকে গুলি করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের আচরণ ভারতের সাধারণ মানুষও সমর্থন করে না।

তিনি আরও বলেন, “আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু বারবার সীমান্ত রক্তাক্ত করলে ভালো সম্পর্ক হবে না। বাংলাদেশের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।”

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিক বলে দাবি করে রিজভী বলেন, সরকার কোনো ফাঁপা প্রতিশ্রুতি দেয়নি। অতীতের মতো “১০ টাকা কেজি চাল” কিংবা “ঘরে ঘরে চাকরি” ধরনের অবাস্তব প্রতিশ্রুতি বর্তমান প্রধানমন্ত্রী দেননি বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, জনগণ এখন এমন নেতৃত্বই চায়, যারা বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনা করবে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক পদক্ষেপের ধারাবাহিকতার কথাও উল্লেখ করেন।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশে তিনি বলেন, দেশের অবকাঠামো নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পেশাকে অবমূল্যায়নের সুযোগ নেই। নির্বাচিত সরকার উন্নয়ন ও উৎপাদনে অবদান রাখা সব পেশাজীবীকেই মূল্যায়ন করবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আট লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ন্যায্য দাবি ও মর্যাদার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। পাশাপাশি সরকারের ইতিবাচক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার আহ্বানও জানান তিনি।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *