সৈয়দপুর বিমানবন্দর নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস বিমানমন্ত্রীর
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। যে বিমানবন্দরে যাত্রীসেবা বেশি হবে ও সুযোগ-সুবিধা বাড়বে এবং যা দেশের ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেসব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার বিষয়টি তারেক রহমানের বিবেচনায় রয়েছে। আপনারা ধৈর্য ধরেন, ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিন আকতার সাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের আহ্বায়ক তারেক আজিজিসহ নীলফামারী জেলা উপজেলার নেতারা।
পরে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওয়ানা দেন।
