বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময়ে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে পারেন।
নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম এবং দুই সন্তান রেখে গেছেন। তার বিপি নম্বর ৮৮০৭১২৭৪৮৫।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে পুলিশ লাইন্সের বেতার শাখায় কর্মরত অবস্থায় তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি শুক্রবার সকালে জানাজানি হলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
