রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতার আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে।

পুলিশ জানায়, রূপগঞ্জের একটি এলাকায় মোজাম্মেল হকের ভাড়াবাড়ির দুই কক্ষের একটি ফ্ল্যাটে ইসানুর ভাড়া থাকতেন। তিনি এক কক্ষে বসবাস করতেন এবং অপর কক্ষে শিশু-কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়াতেন।

এদিন শিশুটি অন্য মেয়েদের সঙ্গে পড়ার জন্য ইসানুরের প্রাইভেট পড়ানোর শ্রেণিকক্ষে যায়। একসময় ওজু শেখানোর কথা বলে ইসানুর শিশুটিকে বাথরুমে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।

একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ইসানুরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসানুরকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *