আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভারতের ভূমিকম্প কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলেছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে।

আফগানিস্তানে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান। বিশেষ করে দেশটির হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম প্রধান সক্রিয় ভূমিকম্প অঞ্চলগুলোর একটি।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি এই প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া আফগানিস্তানের হেরাত অঞ্চলসহ বেশ কিছু এলাকা প্রধান চ্যুতি রেখার ওপর অবস্থিত; যা এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।

এই অঞ্চলে ভূকম্পন প্রবণতা বৃদ্ধির মধ্যেই নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে, গত শুক্রবার থেকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অন্তত পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

রিখটার স্কেলে ৪.৩ থেকে ৫.৩ মাত্রার এসব কম্পনে বারখান, মুসাখেল, কোহলু, কিংরি এবং রাখনিসহ প্রত্যন্ত অঞ্চলের কিছু মাটির ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সূত্র: এনডিটিভি, ফার্স্ট পোস্ট।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *