শায়খ সুদাইসের অংশগ্রহণে ধোয়া হলো পবিত্র কাবা

শায়খ সুদাইসের অংশগ্রহণে ধোয়া হলো পবিত্র কাবা

পবিত্র দুই মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে মক্কার ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশাল পবিত্র কাবার বার্ষিক ধোয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। গত মঙ্গলবার (১৫ মহররম) ইসলামের সবচেয়ে পবিত্র এই স্থানে ধোয়ার কাজ সম্পন্ন করা হয়।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রিন্স সৌদ বিন মিশাল মক্কায় পৌঁছানোর পর জমজমের পানি, গোলাপ জল এবং খাঁটি উদের মিশ্রণ দিয়ে কাবার ভেতরের অংশ ধুয়ে দেন। পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের তৈরি করা বিশেষ এই মিশ্রণে কাপড় ভিজিয়ে তিনি কাবার ভেতরের দেয়ালগুলো মুছে পরিষ্কার করেন।

এই সম্মানজনক আনুষ্ঠানিকতায় ডেপুটি আমিরের সঙ্গে সৌদির বেশ কয়েকজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশটিতে নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিক এবং কাবার রক্ষণাবেক্ষণকারীরা অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ, রাজকীয় আদালতের উপদেষ্টা ও কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রধান ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ, মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ড. মোহাম্মদ আল-ইসা, মসজিদুল হারামের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ এবং দুই পবিত্র মসজিদ পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আবদুর রহমান আস সুদাইস।

স্থান ও কালের পবিত্রতা ও মর্যাদার কথা মাথায় রেখে অত্যন্ত নিখুঁত ও যত্নসহকারে মূলত তিনটি ধাপে পবিত্র কাবার ধোয়ার কাজ সম্পন্ন করা হয়। এই আয়োজনের শুরুতে ১৫ লিটার জমজমের পানি, ১৫ লিটার গোলাপ জল, ১৫ লিটার গোলাপের তেল এবং ১০০ মিলি উদের তেল প্রস্তুত করা হয়।

পুরো প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হয়েছে—প্রস্তুতি, ধৌতকরণ এবং সবশেষে সুগন্ধি ছিটানো ও ধূপ জ্বালানো। দুই পবিত্র মসজিদ পরিচালনা পর্ষদ জানিয়েছে, প্রতিটি ধাপ অত্যন্ত নিখুঁত ও গুরুত্বের সাথে শেষ করা হয়েছে, যা মুসলমানদের হৃদয়ে পবিত্র কাবার উচ্চ মর্যাদা ও গভীর ভালোবাসার প্রতিফলন। পর্ষদ আরও জানায়, এই মর্যাদাপূর্ণ আয়োজনের জন্য আধুনিক ও সর্বোচ্চ মান বজায় রেখে সব ধরনের উপকরণ আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল।

পবিত্র কাবার দরজা সংলগ্ন পর্দা উপরে তোলার মাধ্যমে গত মঙ্গলবার ভোরের দিকে ধোয়ার আনুষ্ঠানিকতার প্রথম ধাপ শুরু হয়। এরপর মূল ধাপ অর্থাৎ কাবার ভেতরের অংশ ধোয়ার কাজ নিখুঁতভাবে সম্পন্ন করা হয়।

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের আমল থেকেই পবিত্র কাবা শরিফের সম্মান রক্ষা, রক্ষণাবেক্ষণ ও সেবার এই ঐতিহ্য চলে আসছে। বর্তমান বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের শাসনামলেও তা সমান গুরুত্বের সাথে অব্যাহত রয়েছে। এই অনুষ্ঠানটি যেন অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য পর্ষদের পক্ষ থেকে কারিগরি, পরিচালনা ও বিশেষজ্ঞ দলসহ সব ধরনের লজিস্টিক সহযোগিতা জোরদার করা হয়েছিল।

ধোয়ার মূল কাজ শুরু করার আগে কাবার ভেতরের মেঝের ধুলোবালি ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। এরপর তামা ও পিতলের পাত্রে জমজমের পানির সঙ্গে গোলাপ জল এবং খাঁটি উদ মেশানো হয়। সেই সুগন্ধি পানিতে কাপড় ভিজিয়ে কাবার ভেতরের দেয়ালগুলো মোছা হয়। একই সাথে কাবার ভেতরের তিনটি পিলার ও মেঝে ধুয়ে ফেলা হয় এবং বিশেষ এক ধরণের কাপড় দিয়ে তা শুকানো হয়। সবশেষে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ভেতরের দেয়ালগুলোতে সুগন্ধি ছিটানোর মাধ্যমে এই পবিত্র আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *