মৌলভীবাজার-হবিগঞ্জে প্লাবনের শঙ্কা, সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

মৌলভীবাজার-হবিগঞ্জে প্লাবনের শঙ্কা, সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা-কুশিয়ারা নদীর পানি কমতে থাকায় আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একইসঙ্গে মনু ও খোয়াই নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কায় মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভনের সই করা বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তিস্তা নদীর তারাপুর (গাইবান্ধা), কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাপাউবো জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আগামী দুই দিনের মধ্যে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি কমেছে। এই ধারা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং পরবর্তী দুই দিনে কমতে পারে। এতে আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে মনু নদী এবং হবিগঞ্জে খোয়াই নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এর ফলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন পানি আরও কমতে পারে। ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নেত্রকোণার সোমেশ্বরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে আগামী একদিন পানি স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিনে কমতে পারে। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাইবান্ধা জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *