পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন। অধিকাংশ যাত্রীই বিদেশি পর্যটক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (২ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্যমতে, বিমানটি পেরুর ইকা বিভাগের পিসকো থেকে উড্ডয়ন করেছিল। বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রার সময় এটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানান, বিমানটিতে থাকা ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান চালানোর সুযোগই পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

নাজকা লাইনস পেরুর দক্ষিণাঞ্চলের উপকূলীয় মরুভূমিতে অবস্থিত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী প্রত্নস্থল। খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০ সালের মধ্যে তৈরি বলে ধারণা করা এই বিশাল জিওগ্লিফগুলোতে প্রাণী, উদ্ভিদ, কাল্পনিক সত্তা ও জ্যামিতিক নকশার অসংখ্য চিত্র রয়েছে। বিশাল আকৃতির এসব নকশা সবচেয়ে ভালোভাবে আকাশ থেকেই দেখা যায়। এ কারণে পর্যটকদের মধ্যে ছোট বিমানে করে নাজকা লাইনস পরিদর্শন বেশ জনপ্রিয়।

পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৪১ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। মাচু পিচু, কুস্কো এবং নাজকা লাইনস দেশটির প্রধান পর্যটন আকর্ষণের মধ্যে অন্যতম।

সূত্র: আল জাজিরা

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *