চিপসের প্যাকেটের খেলনা বল গিলে ৫ বছরের শিশুর মৃত্যু

চিপসের প্যাকেটের খেলনা বল গিলে ৫ বছরের শিশুর মৃত্যু

ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুরু জেলায় চিপসের প্যাকেটের ভেতরে থাকা ছোট একটি প্লাস্টিকের খেলনা বল গিলে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মামলা করে তদন্ত শুরু করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, নিহত শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে সাবেক গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি গৌরাম্মা ও শঙ্কর নায়কের নাতি এবং সন্তোষ ও ঐশ্বর্যার একমাত্র সন্তান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি চিপসের প্যাকেটের ভেতরে উপহার হিসেবে থাকা ছোট প্লাস্টিকের বলটি শিশুটি মুখে নিয়ে পরে গিলে ফেলে। ধারণা করা হচ্ছে, বলটি তার গলায় আটকে যাওয়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।

ঘটনার পর হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং প্যাকেটে থাকা খেলনাটির কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে, চলতি বছরের মার্চ মাসেও একই জেলার হুনসুর এলাকার দোড্ডাহেজ্জুর গ্রামে শ্বাসরোধজনিত আরেকটি দুর্ঘটনায় ছয় মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছিল।

জানা যায়, চিন্ময় গৌড়া নামে ওই শিশু বড় ভাইবোনদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির প্রবেশপথে পূজার জন্য রাখা শুকনো জবা ফুলের একটি অংশ মুখে দেয়। পরে সেটি গিলে ফেলায় তার শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *