সীমান্তে কৃষক আটক, পাল্টা দুই ভারতীয়কে ধরে বিজিবির কাছে দিল গ্রামবাসী

সীমান্তে কৃষক আটক, পাল্টা দুই ভারতীয়কে ধরে বিজিবির কাছে দিল গ্রামবাসী

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে নোম্যান্সল্যান্ড এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর কিছুক্ষণ পর পাল্টা সীমান্ত এলাকায় কাজ করা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বিএসএফের হাতে আটক বাংলাদেশি কৃষক হলেন ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে আব্দুল মান্নান (৭০)। অন্যদিকে স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিক হলেন ভারতের টেহট্র থানার লালবাজার গ্রামের মৃত মনমোহন দাসের ছেলে শচীন দাস ও কঞ্জু বিশ্বাসের ছেলে নরউত্তম বিশ্বাস।

আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তার দাদা বাড়ির পাশের মরিচের জমিতে কীটনাশক দিতে যান। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

পরে আব্দুল মান্নানকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের কয়েকজন বাসিন্দা ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, আব্দুল মান্নান সীমান্তের নোম্যান্সল্যান্ডসংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এর পর স্থানীয়রা সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি বড় কোনো ঘটনা নয়। ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফ একজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। পরে বাংলাদেশের পক্ষ থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *