রাতে অন্ধকারে চট্টগ্রাম বিমানবন্দর, দিনে ১০–১২ বার লোডশেডিং

রাতে অন্ধকারে চট্টগ্রাম বিমানবন্দর, দিনে ১০–১২ বার লোডশেডিং

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে রাতে অন্ধকারে পড়ছে বিমানবন্দরের বিভিন্ন অংশ। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিডে ঘাটতি তৈরি হয়েছে। ফলে পিডিবির দুটি জরুরি ফিডার সংযোগ থাকার পরও বিমানবন্দরকে লোডশেডিংয়ের আওতামুক্ত রাখা যাচ্ছে না।

বিমানবন্দর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে দিনে অন্তত ১০ থেকে ১২ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে বিমানবন্দরের দৈনন্দিন কার্যক্রম ও যাত্রীসেবায় কিছুটা প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও প্রকাশ করছেন যাত্রীরা।

তবে বিদ্যুৎ চলে যাওয়ার পর নিজস্ব জেনারেটরের মাধ্যমে সরবরাহ চালু রাখা হচ্ছে। জেনারেটর চালু হতে প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় লাগে। ফলে রাতে বিদ্যুৎ চলে গেলে ওই সময়টুকু বিমানবন্দরের বিভিন্ন অংশ অন্ধকার হয়ে যায়। তবে অপারেশনাল যন্ত্রপাতিতে পৃথক আইপিএস ব্যাকআপ থাকায় বিমান ওঠানামাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, বিমানবন্দরে পিডিবির দুটি জরুরি লাইন রয়েছে। এরপরও বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে জেনারেটর চালু করতে হয়। এতে ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় লাগে। এ সময় মূলত লাইটিংয়ে সমস্যা হলেও অপারেশনাল যন্ত্রপাতি আইপিএস ব্যাকআপে সচল থাকে। ফলে বিমান চলাচলসংক্রান্ত কাজে কোনো জটিলতা হচ্ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত হচ্ছে। চট্টগ্রামেও গ্যাসের সরবরাহ চাহিদার তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রতিদিন প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও কোনো কোনো দিন সরবরাহ ১৮০ থেকে ১৯০ মিলিয়ন ঘনফুটে নেমে যাচ্ছে।

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালগুলোর সরবরাহ পরিস্থিতিও এ সংকটকে আরও তীব্র করেছে। সর্বশেষ ১৯ আগস্ট এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে এলএনজি কার্গোর সংকটে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার খবর পাওয়া যায়। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ আরও কমেছে।

গ্যাস সংকটের প্রভাব আবাসিক গ্রাহক, শিল্পকারখানা, সিএনজি স্টেশনসহ বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় লোডশেডিংও বেড়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *