গুলশান-বনানী-বারিধারা লেক পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী
রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
শনিবার (২২ আগস্ট) তিনি লেকের বিভিন্ন অংশ পরিদর্শন করে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী গুলশান-বারিধারা লেকের কালাচাঁদপুর অংশে নির্মাণাধীন ২০০ কিলোলিটার (কেএলডি) সক্ষমতার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের বর্তমান অগ্রগতি ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
STP-এর কাজ যথাযথভাবে ও দ্রুততার সঙ্গে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
পরে তিনি বনানীর ১৮ নম্বর সড়ক ও কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন লেকের বিভিন্ন অংশে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় লেকের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কে তিনি অবহিত হন।
পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।
