মেহেদির রং না মুছতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু, শোকে বাবারও মৃত্যু

মেহেদির রং না মুছতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু, শোকে বাবারও মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদ্য বিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর খবর শুনে কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে মারা গেছেন তাঁর বাবা। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মাসুক আহমেদ (৩৮)। তিনি শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। সন্ধ্যায় কর্মস্থলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মাসুকের বিয়ে হয়েছিল সম্প্রতি। নতুন সংসার নিয়ে নানা স্বপ্ন দেখছিলেন তিনি। এমনকি তাঁর হাতে বিয়ের মেহেদির রংও তখনো পুরোপুরি মুছে যায়নি। এর মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি।

মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তাঁর বাবা আব্দুল লতিফ (৬৭) ভেঙে পড়েন। স্বজনেরা তাঁকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

পরপর বাবা-ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি। স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। খবর ছড়িয়ে পড়লে খিলগ্রাম ও আশপাশের এলাকায়ও শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

ওসি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। ছেলের মৃত্যুর সংবাদে বাবাও মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মাসুক আহমেদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। আবেদন বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়া তাঁর লাশ দাফন করা হবে।’

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *