‘উইপোকার উপদ্রবে’ মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

‘উইপোকার উপদ্রবে’ মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রবের অভিযোগে রাত্রিযাপন না করেই চলে গেছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

১১ দলীয় জোটের দেশব্যাপী ঘোষিত লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের এই সংসদ সদস্য।

দলীয় সূত্রে জানা গেছে, তাঁর রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ করা হয়েছিল। রাত ১০টার দিকে বিশ্রাম নিতে ওই কক্ষে গেলে তিনি সেখানে প্রচুর উইপোকা দেখতে পান। পরে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে অনুরোধ করেন তিনি।

বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান বিষয়টি কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) জানান। তবে অভিযোগ, এরপরও দ্রুত বিকল্প কক্ষ কিংবা অন্য কোনো আবাসনের ব্যবস্থা করা হয়নি।

পরে রাত্রিযাপন না করেই সার্কিট হাউস থেকে চলে যান ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

তিনি বলেন, ‘কুমিল্লা সার্কিট হাউসের মতো জায়গায় চরম অব্যবস্থাপনার বিষয়টি খুবই দুঃখজনক।’

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও নাজিরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *