গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনায় গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে ডিসি এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়।
এর আগে বুধবারই গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়। আদেশে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কথা জানানো হয়।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে বলে পুলিশ জানায়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনার পর এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার পুলিশ হয়তো ধারণা করতে পারেনি যে, জুমার নামাজ পড়তে আসার কথা বলে ওই এলাকায় জড়ো হওয়া লোকজন পরে মিছিল করতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
