ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে সহজলভ্য পণ্য বিদেশ থেকে আমদানি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্কও করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা জানিয়েছেন। সভাটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে একনেক সভায় অংশগ্রহণকারীদের সম্মানী নেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’
প্রধানমন্ত্রী বলেন, সরকারি দায়িত্বের অংশ হিসেবেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সভায় অংশ নিতে হবে। এ ধরনের সভায় অংশগ্রহণকে দায়িত্ব হিসেবে পালনের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের বিদেশ সফর বন্ধের নির্দেশ দেন তিনি বলে ওই কর্মকর্তা জানান।
একনেক সভায় ওই দিন মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে।
