বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে

বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে সিটি সার্ভিস ও দূরপাল্লার বাস—দুই ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিএর বনানী কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হতে পারে। একই সঙ্গে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠাবে বিআরটিএ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবহন মালিকেরা কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে বৈঠকে আলোচনা শেষে ২০ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়।

এখন বিআরটিএর পক্ষ থেকে সুপারিশটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়া বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।

গণপরিবহনের বড় একটি অংশ ডিজেলচালিত হওয়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস পরিচালনার ব্যয় বেড়েছে। এ বাড়তি ব্যয় বিবেচনায় নিয়েই নতুন করে বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *