এয়ারবাসের জন্য বাংলাদেশে সমান সুযোগ চান ফরাসি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে এয়ারবাসের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। তিনি বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা এখনো চলছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন ফরাসি রাষ্ট্রদূত।
জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, কয়েক বছর আগে কারিগরি মূল্যায়ন ও বিভিন্ন বিষয় বিবেচনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। তাঁর মতে, বহরে এয়ারবাস ও বোয়িং—দুই ধরনের উড়োজাহাজ থাকলে বিমান একক কোনো নির্মাতার ওপর নির্ভরশীল থাকবে না এবং উড়োজাহাজগুলোর সুবিধা তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে।
এয়ারবাস বেছে নেওয়ার পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ফরাসি রাষ্ট্রদূত। তিনি বলেন, কারিগরি ও বাণিজ্যিক নানা বিষয় বিবেচনা করেই বিমান এয়ারবাসের প্রতি আগ্রহ দেখিয়েছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনো এয়ারবাসের প্রতি আগ্রহ ধরে রেখেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার বিষয়টি তাদের বাণিজ্যিক সিদ্ধান্ত। একই সঙ্গে এয়ারবাসের সঙ্গে আলোচনাও চলমান রয়েছে।
আলোচনা শেষ হতে সময় লাগতে পারে জানিয়ে জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, বিষয়টি যথাযথভাবে সম্পন্ন করাই গুরুত্বপূর্ণ। যাতে পরে কোনো ভুলের কারণে পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করতে না হয়। তবে আলোচনা সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এয়ারবাসের সঙ্গে সম্ভাব্য চুক্তির কারিগরি বা বাণিজ্যিক বিস্তারিত তথ্য দিতে চাননি ফরাসি রাষ্ট্রদূত। তিনি বলেন, এটি ফরাসি বা যুক্তরাজ্য সরকারের কোনো চুক্তি নয়; বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের মধ্যেই চুক্তি হবে। তবে তিনি বাংলাদেশে এয়ারবাসের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ কেনার প্রক্রিয়ায় সমান প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।
ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েসও বক্তব্য দেন।
