বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক-উন্নয়ন সহযোগিতা জোরদারের আহ্বান

বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক-উন্নয়ন সহযোগিতা জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় যোগাযোগ এবং উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ডেপুটি স্পিকার রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরেন। সম্প্রতি চীনের ইউনান প্রদেশ সফরের কথা উল্লেখ করে সেখানকার আতিথেয়তা ও সহযোগিতার প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতার কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, দুই দেশের জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নেও চীনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সাক্ষাৎকালে বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

বাংলাদেশ ও চীনের সংসদীয় সম্পর্ক আরও জোরদারে ‘বাংলাদেশ-চীন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত দেন রাষ্ট্রদূত। এ সময় সংসদীয় পর্যায়ে সফর ও অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি মংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও আন্তরিকতার জন্য ডেপুটি স্পিকার এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইয়াও ওয়েন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে।

সাক্ষাৎ শেষে বিদায়ী রাষ্ট্রদূতের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন ডেপুটি স্পিকার। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূতসহ দুই দেশের সংসদ ও কূটনৈতিক বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *