এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের

জ্যেষ্ঠ প্রতিবেদক

চলতি ২০২৬ সালে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর ধারণা, নির্বাচন কমিশন আগামী বছর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চায়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন। কমিশন প্রথমে একটি তারিখ নির্ধারণ করলেও পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে আগামী ৬ জুনের মধ্যে নির্বাচনগুলো শুরু ও শেষ করার কথা জানিয়েছে।

রমজান, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন এ সময়সূচির কথা ভাবছে বলে জানান তিনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচন কমিশন ঠিক কবে ভোট শুরু ও শেষ করবে এবং মোট কত টাকা ব্যয় হবে, তা এখনো সরকারকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার ব্যবস্থা করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশন পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে প্রাথমিকভাবে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের হিসাব দিয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। বাকি অর্থ পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে ব্যয় হবে।

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে আগামী বছর থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে বলে তাঁর ধারণা।

তিনি আরও জানান, চলতি মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন আবার বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সেখানে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও থাকবেন।

তবে নির্বাচন শুরুর নির্দিষ্ট তারিখ সরকার ঘোষণা করবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কবে থেকে শুরু হবে, তা নির্বাচন কমিশনই ঠিক করবে। কারণ নির্বাচন পরিচালনার দায়িত্ব কমিশনের।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *