টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিত করতে বাংলাদেশের জোর

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিত করতে বাংলাদেশের জোর

নিজস্ব প্রতিবেদক

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে রেজুলেশন ১৩২৫ সমর্থনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ আরও বাড়ানো, জলবায়ু ও মানবিক কার্যক্রমে নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) এজেন্ডাকে আরও কার্যকরভাবে যুক্ত করা এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ এগিয়ে চলছে।

এ ছাড়া নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টি বৈঠকে তুলে ধরেন শামা ওবায়েদ।

পাশাপাশি আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *