সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, যান চলাচল ব্যাহত
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে কয়েক দফায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষ মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গোবিন্দগঞ্জ পয়েন্টসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত জানান, কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষ মিছিল নিয়ে মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যানবাহন চলাচলও স্বাভাবিক করা হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কি না, কিংবা সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
