‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না: ইসি তাহমিদা
জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানী কিংবা ‘ফাইভ স্টার’ হোটেলের বিলাসবহুল কক্ষে বসে শুধু কর্মপরিকল্পনা তৈরি করলেই সমাজে নারীর সমতা প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ।
তিনি বলেন, নারীর প্রকৃত সমতা ও অগ্রগতি নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায় থেকে মাঠে গিয়ে নারীদের নিয়ে সরাসরি কাজ করতে হবে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেকটোরাল প্রজেক্টের উদ্যোগে আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ইসি তাহমিদা বলেন, নারী ভোটারের সংখ্যা বৃদ্ধি এবং তাদের নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হলে নির্বাচন কর্মকর্তাদের গ্রামাঞ্চল ও দুর্গম উপকূলীয় এলাকাগুলোতেও পৌঁছাতে হবে। শুধু রাজধানীকেন্দ্রিক পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।
কর্মশালায় নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ বলেন, আসন্ন নির্বাচনগুলোতে প্রতিটি রাজনৈতিক দল তাদের মোট ভোটারের অনুপাত বিবেচনায় নিয়ে নারী প্রতিনিধিত্ব বাড়াবে—এমন প্রত্যাশা রয়েছে। তবে শুধু আইন বা বিধিমালা চাপিয়ে দিয়ে নারীর অংশগ্রহণ বাড়ানো সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি।
তিনি রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা বাড়ানোই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। বরং নারীদের প্রকৃত ক্ষমতায়নের পরিধি আরও বিস্তৃত করতে হবে।
তিনি বলেন, ভোটার হিসেবে, প্রার্থী হিসেবে, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এবং বেসরকারি ও উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন সম্ভব।
নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্যবহারিক পদক্ষেপের কথা তুলে ধরে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নারী অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রথমেই ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ ও শিক্ষাবান্ধব করতে হবে। পাশাপাশি নির্বাচনের মাঠে নারী ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা ভয়ভীতি বা হয়রানির শিকার না হন।
কর্মশালায় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
