নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি

নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে নারীদের শুধু সংখ্যাগত উপস্থিতি নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেন, শুধু ভোটার হিসেবে নারীদের ভোটকেন্দ্রে উপস্থিতি যথেষ্ট নয়। রাজনীতি ও নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সত্যিকারের উপস্থিতি ও প্রভাব থাকতে হবে। এ জন্য নারীদের জন্য সমান সুযোগ ও কার্যকর ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা প্রয়োজন।

সোমবার (৫ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেকটোরাল প্রজেক্টের উদ্যোগে আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, দেশের অনেক নির্বাচনী এলাকায় পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি। উদাহরণ হিসেবে তিনি ঠাকুরগাঁও-১ আসনের কথা উল্লেখ করেন। অথচ ভোটার হিসেবে নারীদের অংশগ্রহণ বেশি হলেও রাজনীতি ও নির্বাচনে প্রার্থী হিসেবে তাদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ও নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা না গেলে কোনো সংস্কারই দীর্ঘমেয়াদে টেকসই হবে না। নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে দেশের নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও সামাজিক বিশ্বাসকে বিবেচনায় নিয়ে কৌশল নির্ধারণ করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দীন বলেন, এ নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি ব্যাপক হলেও নারী প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে। এটি দেশের রাজনৈতিক কাঠামোর একটি বড় বাস্তবতা। রাতারাতি এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।

মাঠপর্যায়ে নারী নেতৃত্বের ঘাটতি দূর করতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন সিইসি। একইসঙ্গে নারী অংশগ্রহণ বাড়াতে অনুমাননির্ভর নয়, বরং তথ্যভিত্তিক সুনির্দিষ্ট নীতি প্রণয়নের আহ্বান জানান তিনি।

কর্মশালায় নির্বাচন কমিশনের কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *