বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে দ্বিতীয় ঢাকা

বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে দ্বিতীয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।

সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ঢাকার বাতাসের মানের স্কোর ছিল ১৭৯। এই মাত্রার বায়ু নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের তালিকায় ২৭০ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আর ১৭০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

এ অবস্থায় রাজধানীবাসীকে ঘরের জানালা বন্ধ রাখার পাশাপাশি বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

এদিকে সোমবার সকালে ঢাকার কয়েকটি এলাকায় বায়ুদূষণের মাত্রা তুলনামূলক বেশি ছিল। এর মধ্যে শহীদ সাহাবুদ্দিন রোডের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকায় একিউআই স্কোর ছিল ১৮৮। পুরান ঢাকার বেচারাম দেউড়ি ও গুলশান লেক পার্কে ছিল ১৮৬ করে। উত্তর বাড্ডার আবদুল্লাহবাগে ১৮৩, বারিধারা পার্ক রোডে ১৮২, মিরপুরের সাগুপ্তায় ১৭৭ এবং মাদানী অ্যাভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোরে ১৭৪ স্কোর রেকর্ড করা হয়।

এ ছাড়া মিরপুরের দক্ষিণ পল্লবীতে ১৭৩, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ১৬৫ এবং গুলশান-২ এলাকাতেও বায়ুদূষণের মাত্রা ছিল উল্লেখযোগ্য।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআই স্কোরের বাতাস ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

অন্যদিকে, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। বায়ুর মান খুব খারাপ হলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

বৃষ্টিপাত কমে শুষ্ক আবহাওয়া বিরাজ করায় ঢাকার বায়ুমান আবারও অবনতির দিকে যাচ্ছে। ফলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি এড়াতে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি বায়ুদূষণের উৎস নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *