বাংলাদেশি কর্মীদের জন্য সাময়িকভাবে শ্রম ভিসা বন্ধ করল লাওস
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন এবং শ্রমিক শ্রেণির প্রবেশ ভিসা স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, এই স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
লাওসে কর্মসংস্থানের জন্য যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে কোনো ধরনের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর একটি নির্দেশনা জারি করে। এতে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া এবং ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হয়।
একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক শ্রেণির ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে। ভিসা ইস্যু স্থগিতের বিষয়টি থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও নিশ্চিত করেছে।
এ পরিস্থিতিতে ভুয়া ভিসা, মিথ্যা চাকরির প্রস্তাব কিংবা অননুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার না হতে সতর্ক করেছে মন্ত্রণালয়।
সম্ভাব্য কর্মীদের কোনো চাকরির প্রস্তাব বা ভিসার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।
