৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এর ফলে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকেরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ (Q-Cash) নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে। এ কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হয়েছে।

গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইতোমধ্যে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। পাশাপাশি দ্রুত স্যুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত অন্যান্য প্ল্যাটফর্ম, যেমন—বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (BACPS), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS)-এর কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

এ সময়ে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *