হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।
এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩৬ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৩২ জন, রাজশাহীতে ৩৩, সিলেটে ১৫২, চট্টগ্রামে ২৭৩, বরিশালে ১৩৯, ময়মনসিংহে ৮২, খুলনায় ১৩২ এবং রংপুরে ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। এর মধ্যে ২২ হাজার ২০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
