রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া চার শিক্ষার্থীর বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং তিন শিক্ষার্থীকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা চার শিক্ষার্থী হলেন আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব, অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলাম।

তদন্ত কমিটির মতে, ঘটনার পেছনে ইন্ধনদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগে আরিফুল ইসলামের ছাত্রত্বও সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও প্রমাণাদি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলামের বিরুদ্ধেও অধিকতর তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, তদন্ত কমিটি ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। অধিকতর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম-২ বলেন, আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে উসকানিদাতা হিসেবে ভূমিকা রেখেছেন বলে কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে। আরিফুল ইসলামের বিষয়ে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাঁর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন সাংবাদিক ও শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *