ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহত

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) প্রধান ফটকের সামনে গাড়ির ধাক্কায় মার্কেটিং বিভাগের ৩২তম ব্যাচের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে সাদমান সাকিবের বিরুদ্ধে লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এফবিএসের প্রধান ফটক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার পর আহত ছয় শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মোর্তজা মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তাঁদের হাত, পা, হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে ও ছিলে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ দেওয়া হয়। দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়া এক শিক্ষার্থীকে অক্সিজেন সাপোর্টও দিতে হয়। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর আহতদের কারও হাড় ভেঙেছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, গাড়িচালক সাদমান সাকিবের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। তিনি ক্যাম্পাসের মতো জনসমাগমপূর্ণ এলাকায় গাড়ি চালানো শিখছিলেন। এমনকি ওই দিনই তিনি প্রথমবারের মতো গাড়ি চালাচ্ছিলেন বলে দাবি তাঁদের।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার কারণেই এমন ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শন কিংবা গাড়ি চালানো শেখার জায়গা নয়। ক্যাম্পাসে ছয় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তাঁদের দাবি, আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তের পরিচয় বা পারিবারিক প্রভাব যেন ন্যায়বিচারের পথে বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে অভিযুক্তের বাবা ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তিনি তা মেনে নেবেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *