অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে, যাত্রীদের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণা কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায় নেবে না সংস্থাটি। এ বিষয়ে যাত্রীদের সতর্ক করে শুধু অনুমোদিত মাধ্যম থেকে টিকিট কেনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ট্রেনের টিকিট কিনতে বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd), ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার ব্যবহার করতে হবে।
অনুমোদিত মাধ্যমের বাইরে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে কোনো ধরনের আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঘটনা ঘটলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না।
এ ছাড়া যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রেলওয়ে জানিয়েছে, ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে প্রতারণা ও আর্থিক ক্ষতি এড়াতে যাত্রীদের সব সময় অনুমোদিত মাধ্যম ব্যবহার করতে হবে। নিরাপদে টিকিট কেনা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
