মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের এ দণ্ড দেওয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। দেশটির সংবাদমাধ্যমের বরাতে এ খবর প্রকাশ করেছে আজেল নিউজ।

বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আকতার। মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বিচারিক আদালত অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখেন। এরপর রাজকীয় ফরমান জারির মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর কোনো মন্তব্য করতে রাজি হননি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়, এ ধরনের অপরাধে জড়িত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

সূত্র: আজেল নিউজ

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *