দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে চালের বরাদ্দ বাড়িয়ে ৬০০ কেজি
নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ‘রংধনু জাতি’ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর মো. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, রংধনু জাতি গঠনের যে প্রত্যয় প্রধানমন্ত্রী ব্যক্ত করেছিলেন, তার কর্মকাণ্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য চার কোটি টাকা এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য তিন কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তা বাড়িয়ে যথাক্রমে পাঁচ কোটি ও চার কোটি টাকা করেছেন।
এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, প্রায় ৫৫ বছর ধরে ছুটি বাড়ানোর দাবি ছিল। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে সেই দাবি পূরণ করেছেন।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর প্রসঙ্গে মীর মো. হেলাল উদ্দিন বলেন, ঢাকার বাইরে গিয়ে বিভিন্ন স্থানে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্যোগ দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মানুষের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন ঘটছে।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলোও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বলে জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরসূচি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
