কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক পর্যটকের মরদেহ, নিহত ৪
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পাঁচ পর্যটকের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে সৈকতের একটি অংশে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।
উদ্ধার হওয়া পর্যটকের নাম মোহাম্মদ হারুন। তিনি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা মোহাম্মদ কবিরের ছেলে। স্বজনেরা মরদেহটি প্রাথমিকভাবে শনাক্ত করেছেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির মারিনা রিসোর্ট-সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা হলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ির বাসিন্দা রোহান (২৩) ও শহীদুল ইসলাম জিসান (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মোহাম্মদ আকাশ (২১)। এখনো নিখোঁজ রয়েছেন ঢাকার আজিমপুরের বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২)।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পর্যটকদের দুটি দল হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর-সংলগ্ন রেজু খাল পেরিয়ে সাগর ও খালের মোহনায় জেগে ওঠা একটি বালুচরে বেড়াতে যায়। বিকেলের দিকে পূর্ণ জোয়ার শুরু হলে ধীরে ধীরে বালুচরটি পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে না পারায় পর্যটকেরা একপর্যায়ে পানিতে আটকা পড়েন।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। এ সময় চট্টগ্রাম থেকে আসা পর্যটক দলের তিন সদস্যকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় চতুর্থ পর্যটকের মরদেহ।
জীবিত উদ্ধার হওয়া তিনজন হলেন রাকিব হাসান, মো. সানী ও মোহাম্মদ আকাশ। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন সানী ও আকাশ জানান, বুধবার দুপুর ১২টার দিকে ট্রেনে করে তাঁরা কক্সবাজারে পৌঁছান। এরপর পেঁচারদ্বীপে আগে থেকে বুকিং করা একটি রিসোর্টে ওঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে রেজু খাল পেরিয়ে বালুচরে যান তাঁরা। একই সময়ে ঢাকায় থেকে আসা আরেকটি পর্যটক দলও সেখানে ছিল। হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তাঁরা বিপদে পড়েন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, নিহত চারজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিখোঁজ অপর পর্যটকের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
