হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৪০
নিজস্ব প্রতিবেদক
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৯৫ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে মারা গেছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৪৮ জন, বরিশালে ১১৬ জন, সিলেটে ১০৮ জন, খুলনায় ৯৬ জন, ময়মনসিংহে ৮৩ জন, রাজশাহীতে ৪১ জন এবং রংপুরে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৯ হাজার ২২৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৯১ হাজার ৯০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫৪১ জন।
